স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা হাতে অস্ত্র তুলে নিয়ে দেশ মাতৃকার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা এনেছিলেন। অনেক সহযোদ্ধাকে হারানোর স্মৃতি এখন ভুলে যাননি। আরেকটি বার নতুন প্রজন্মকে নিয়ে দালালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবারের যুদ্ধ শেষ যুদ্ধ। এ যুদ্ধেও আমরা বিজয়ী হব। তিনি ১৫ ডিসেম্বর রবিবার রাতে নকলা উপজেলার মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা-জনতার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, এ দেশের মুক্তিযোদ্ধাদের সত্যিকার সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের পরবর্তী বংশধরদের জন্য চাকুরীর নিশ্চয়তা দেওয়া হয়েছে। এ জন্য সংসদে আইন পাশ করা হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই এটা সম্ভব হয়েছে। অন্য কোন নেতার পক্ষে এ কাজটি করা কোনমতেই সম্ভব হত না।
উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম উকিল, মোকছেদুর রহমান লেবু, শফিকুল ইসলাম জিন্নাহ, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফেরদৌস রহমান জুয়েল, হাফিজুর রহমান লিটন প্রমূখ ।




