বিশেষ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর, চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, নিদর্লীয় তত্বাবধায়ক সরকার ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ গ্রহণ করবে না। ৯৭ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, তবুও সরকার একটি মহলকে খুশি করতে এদেশকে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। এ সরকার ক্ষমতায় এসে তত্বাবধায়ক সরকারের নাম ভুলে গেছে। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান নির্বাচন কমিশন দলীয়। তাই এ কমিশনের মাধ্যমে দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি ২০ নভেম্বর বুধবার সন্ধ্যায় ‘নেতা নয় নীতির পরিবর্তন চাই’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে শহীদ শাহ মোতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম অডিটরিয়ামে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করিনা, আদর্শের রাজনীতি করি। তিনি অভিযোগ করে বলেন, দেশের দ্ইু প্রধান দলসহ যারাই রাষ্ট্রক্ষমতা ভোগ করেছে তারাই দুর্নীতির ধারক-বাহক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বাংলাদেশে যত টাকার দুর্নীতি হয়, ওই টাকা দিয়ে প্রতি বছর একটি করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে হাতপাখা প্রতীক নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও দলের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব মো. আব্দুস সাত্তারকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে পরিচয় করিয়ে দেন। এছাড়া শেরপুর-১ (সদর) আসনে এডভোকেট মতিউর রহমান, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বীর মুক্তিযোদ্ধা মো. নুরল ইসলামকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, মূফতী মো. হারুনুর রশীদ, মাওলানা মোঃ ওয়াজ কোরনী, মাওলানা মো. ফারুক মিয়া প্রমূখ।




