এস. গুলবাগী, বগুড়া : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সম্পর্কে কটুক্তি করায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষনা করেছে ১৮ দলীয় জোট। তাকে আর কখনো বগুড়ার মাটিতে আসতে দেওয়া হবেনা। জীবনের বিনিময়ে হলেও ইনুর আগমন প্রতিহতের ঘোষনা দিয়েছে ১৮ দল। একই সাথে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বগুড়ায় প্রবেশ করতে না দেয়ার ঘোষনা দেন জোট নেতারা। শেখ হাসিনা যেদিনই বগুড়ায় আসবেন, সেদিনই জেলায় সকাল-সন্ধ্যা হরতাল দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। ৬ নভেম্বর বুধবার টানা ৩ দিনের হরতাল শেষে বিকেলে শহরের সাতমাথায় জেলা ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ থেকে ওই ঘোষণা দেওয়া হয়। একই সাথে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৩ টায় শহরের পৌর পার্কে ১৮ দলের উদ্যোগে সমাবেশের ঘোষণা দেয়া হয়। সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহাবুদ্দিন, নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, জাগপা সভাপতি আমির হোসেন মন্ডল, বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, ইসলামী ঐক্যজোটের সাধারন সম্পাদক মুফতি আব্দুল ওয়াহেদ, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আলী আজগর হেনা, সিপার আল বখতিয়ার, শিবিরের শহর সভাপতি আলাউদ্দিন সোহেল প্রমূখ বক্তব্য রাখেন।




