মেহের আমজাদ, মেহেরপুর : দেশব্যাপি ১৮ দলিয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতাল সফল করতে মেহেরপুরে বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় কমপক্ষে ১৭টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকারীরা। অবরোধকালে পুলিশ বাহিনীকে নিরপাদ দূরত্বে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর ছয়টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া, ছাতিয়ান, গাংনী হাটবোয়ালিয়া সড়কের পূর্ব মালসাদহ, পশ্চিম মালসাদহ, মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগরে নেমে আসে আঠার দলীয় জোটের শত শত নেতা-কর্মী। তারা টায়ার জ্বালিয়ে লাঠি শোটা নিয়ে হরতালের পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। ফলে সড়কগুলোতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাজনগরে অবরোধকালে বিপুল সংখ্যক জামায়াতের মহিলা কর্মিকে অংশ নিতে দেখা গেছে। হরতালের কারণে আন্তঃজেলা ও দূরপাল¬ার পরিবহণ চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ আছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন আছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।





