দিন কয়েক বিরতি দিয়ে আবারও অঝোরধারায় বৃষ্টি হচ্ছে, যা উত্তরের চলমান বন্যাকে আরও অবনতির দিক নিয়ে যাচ্ছে। চলমান বন্যা দেশের ওপর বয়ে যাওয়া ইতিপূর্বের সব বন্যার রেকর্ডকে অতিক্রম করেছে বলে অভিজ্ঞ মহল বলছে। যারা গণমাধ্যমকে অনুসরণ করেন, তারা নিশ্চয় অবহিত হয়েছেন, শুধু দেশের উত্তরাঞ্চলের নয়, বরং প্রতিবেশী বেশ কয়েকটি দেশ মহাপ্লাবনের শিকার। চীন থেকে ভারতের আসাম অথৈ জলে স্নাত। আসামের মানুষ এটিকে বলছে মহাজলপ্রলয়।
পানির উচ্চতা বৃদ্ধির কারণে আশপাশের কোনো উঁচু জায়গা নেই, যেখানে মানুষ আশ্রয় নিতে পারে। বিশেষত ব্রহ্মপুত্রের মাঝখানের চরাঞ্চলে ঠাঁই নেওয়ার মতো কোনো স্থান নেই। গত শতাব্দীর ‘৮৮ সালে যে বন্যা হয়েছিল, সে সময় যেখানে পানি ওঠেনি, এবার সেসব অঞ্চলও বানের পানিতে ডুবে গেছে। অভিজ্ঞ না হলে দূর থেকে পরিস্থিতি অনুধাবন করা দুরূহ। বহু জায়গায় বানের জলের তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি, গবাদিপশু ও ফসল। এখনও কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি জেলার বিস্তীর্ণ এলাকা কোমর পানির তলে। এই পানি গড়িয়ে দেশের মধ্যাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কাকে জাগিয়ে তুলেছে। দেশের উত্তর ও উত্তর-পূর্বদিকে প্রবাহিত সব নদনদী বিপদসীমার মধ্যেই রয়েছে। উত্তরবঙ্গের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ জেলার কোটি মানুষ এই মহাজলপ্রলয়ের শিকার। বহু নদনদীখ্যাত কুড়িগ্রাম জেলার স্থলভাগের অধিকাংশই বানের জলে ডুবে আছে। এই মুহূর্তে নদনদীকে সাগরের চেয়েও বড় মনে হয়।
অন্যান্যবার একজনের বাড়ি পানিতে ডুবলে নিকটবর্তী আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিত। এবার সেটিও হয়নি। কারণ আত্মীয়ের বাড়িটিও জলের নিচে। ফলে অন্য যে কোনো সময়ের চেয়ে এবার মানুষের দুর্ভোগ বেশি। এবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় মানুষ তেমনভাবে বাঁধেও আশ্রয় নিতে পারেনি। এই বন্যায় মানুষের কষ্টের জীবন হয়েছে সত্য; তবে সক্ষমতার দিক হচ্ছে, খাদ্যের অভাব হয়েছে- এমন অভিযোগ নেই। মানুষ কষ্টে আছে, তবে না খেয়ে নেই। কষ্টের বিষয়, সর্বব্যাপী এই দুর্যোগে মানুষের পাশে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, শাসক দল এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ তৎপরতা চালালেও বন্যায় ত্রাণ কার্যক্রমে অন্যান্য সংগঠন, এনজিও, রাজনৈতিক দলের ত্রাণ তৎপরতা চোখে পড়ার মতো নয়। বিরোধী দল বিএনপি ঘোর বন্যাতেও দোষারোপের রাজনীতির বাইরে বেরোতে পারেনি। তাদের ত্রাণ তৎপরতা অপেক্ষা বিবৃতিমূলক তৎপরতা বেশি, যা এই মুহূর্তে প্রত্যাশিত নয়।
সরেজমিন পরিদর্শন ও বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত খবর থেকে এবারের বন্যায় বিপর্যস্ত মানুষের বর্তমান সমস্যা হচ্ছে- ১. আশ্রয়ের অভাব; ২. বিশুদ্ধ পানির অভাব; ৩. শুকনো খাবারের অভাব; ৪. মলমূত্র ত্যাগের স্থানাভাব; ৫. নৌকার সংকট; ৬. ঋণদাতা সংগঠনের কিস্তি পরিশোধের চাপ; ৭. দুর্গম এলাকায় পানিবন্দিদের কাছে ওষুধ ও খাদ্যসামগ্রী পৌঁছানোর সমস্যা ও পশুখাদ্যের সংকট। পানি নেমে যাওয়ার পর যেসব সমস্যা প্রবল হবে সেগুলো হচ্ছে- ১. পানিবাহিত রোগ-বালাইয়ের আক্রমণ; ২. ঘরবাড়ি মেরামতে অর্থ সংকট; ৩. বাথরুম সমস্যা; ৩. নলকূপ সংস্কার; ৪. বীজ সংকট; ৫. চরের মাটির সঙ্গে মিলিয়ে ফসলের বীজ পাওয়া; ৬. ঋণের কিস্তির বিপদ; ৭. রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত; ৮. শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ক্ষতি; ৯. বন্যায় বন্ধ হয়ে থাকা শিশুদের শিক্ষার ক্ষতি; ১০. গৃহস্থালি সরঞ্জামের সংকট; ১১. গবাদিপশুর সংকট।
এই বন্যা নদীতীরবর্তী মানুষের সক্ষমতাকে আঘাত করেছে। বাড়িঘর বিনষ্ট হয়েছে। গবাদিপশু, হালের বলদ স্থানাভাবে ও খাদ্য সংকটে জলের দামে বিক্রি করতে বাধ্য হয়েছে মানুষ। এসব মানুষের সক্ষমতাকে ফিরিয়ে দিতে হবে। সে লক্ষ্যে জরুরি কর্মসূচি নিতে হবে। এ জন্য রাষ্ট্র হয়তো নিকট ও দূর ভবিষ্যতের জন্য অনেক কিছুই করবে। রাষ্ট্রের পাশাপাশি আন্তর্জাতিক দাতা গোষ্ঠীরও এগিয়ে আসা প্রয়োজন। আমরা অনেকেই সমালোচনা করছি এনজিওগুলোর এ ক্ষেত্রে তেমন তৎপরতা না দেখে। এর প্রধান কারণ হচ্ছে দাতা গোষ্ঠীর এ সংক্রান্ত সহযোগিতার ফান্ড না থাকা। তবে সরকারি প্রতিষ্ঠানগুলো এনজিওগুলোর সক্ষমতাকে কাজে লাগাতে পারে। সরকারি ত্রাণ ও সহযোগিতা পৌঁছানোর ক্ষেত্রে তাদের দায়িত্ব দিলে তারা সুন্দরভাবে করতে পারবে বলে বিশ্বাস। বন্যা-পরবর্তী কিছু কাজ করার জন্য এখনই সিদ্ধান্ত নিতে হবে, যে কাজগুলো সক্ষমতা হারানো লোকদের জন্য সহায় হবে। প্রথম কাজ হবে ক্ষতিগ্রস্ত সবাইকে আগামী তিন মাস নিরবচ্ছিন্ন খাদ্য সহযোগিতা দেওয়া। বন্যা-পরবর্তী রোগ-বালাই প্রতিরোধে মেডিকেল টিম স্ট্যান্ডবাই রাখা। বন্যার কারণে স্থগিতকৃত ক্ষুদ্রঋণের কিস্তি শুধু স্থগিত নয়, ক্ষতিগ্রস্তদের গৃহীত ঋণের এক বছরের কিস্তির সমপরিমাণ টাকা মওকুফ করা। এ ক্ষেত্রে পিকেএসএফসহ ঋণ প্রদানকারী ব্যাংক-বীমা ও সংস্থাকে সে অর্থ রাইট অফ করা। নতুবা ঋণ প্রদানকারী স্থানীয় এনজিওগুলো বিপদগ্রস্ত হবে। নতুন করে ফসল ও গবাদিপশুর জন্য সুদমুক্ত ঋণ দেওয়া। সরকারি-বেসরকারি উদ্যোগে ওয়াটার ও স্যানিটেশনের জন্য ল্যাট্রিন, বাথরুম, প্ল্যাটফর্মসহ টিউবওয়েল দেওয়া। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করা। গৃহনির্মাণে সহযোগিতা দেওয়া। সবজি বীজসহ চরের মাটির উপযোগী ফসল বীজ সরবরাহ করা।
বন্যার কারণে বন্ধ হয়ে থাকা স্কুল-কলেজের ছাত্রদের শিক্ষার ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা। বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রদের বইপত্র বিনষ্ট হয়ে থাকলে তাদের নতুন করে শিক্ষা উপকরণ দেওয়া। এসব কাজ ক্ষতিগ্রস্ত নাগরিকদের ঘুরে দাঁড়াতে সহায়ক। বিশ্বাস করি, উপরোক্ত বিষয়গুলো সম্পাদিত হলে এসব মানুষ ঘুড়ে দাঁড়াতে পারবে। তবে নদী সংক্রান্ত নিরন্তর কষ্ট থেকে পরিত্রাণ পেতে স্থায়ী সমাধান দরকার। বিশেষজ্ঞদের মতে, নদীর তলদেশ ভরে ওঠার ফলে অল্প পানিতেও নদীতীরবর্তী এলাকা ডুবে গিয়ে বন্যার সৃষ্টি করে। এ জন্য নদী খনন অগ্রাধিকারভাবে করা জরুরি। নদীতীরকে স্থায়ী অবকাঠামোর আকারে শাসনের মধ্যে নেওয়া। এ ছাড়াও প্রয়োজন নদী কর্তৃপক্ষকে কার্যকর করা। ছোট-বড় নদীর প্রবাহকে নিয়মিতকরণ, অপদখল ও নদীদূষণ দূর করা। জলাশয়গুলোকে মুক্ত করা। নদীকে মেরে ফেলে কষ্টের সমাধান হবে না। নদীর পৃথক সত্তাকে মেনে নিয়েই আমাদের উন্নয়ন পরিকাঠামোসহ সব উন্নয়ন করতে হবে। তবেই কষ্ট লাঘব হবে।

লেখক : আইনজীবী ও সাবেক ছাত্রনেতা।






