জাহাঙ্গীর আলম চৌধুরী, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ ব্রিজের কাজ বন্ধের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে কর্তৃপক্ষের টনক নড়েছে। প্রায় দেড়মাস পর ব্রিজের ক্রুটিযুক্ত গার্ডার পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এটিকে বহাল রাখতে সংশ্লিষ্ট নির্মানাধীন প্রতিষ্ঠান ব্যাপক চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) ব্রিজ কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে ক্রুটিযুক্ত গার্ডার ভেঙ্গে ফেলার নির্দেশ দেয় নির্মাণকারি প্রতিষ্ঠানকে। গার্ডার পরিত্যক্ত ঘোষণার পর লাল ক্রসিং (চিহ্ন) দিয়ে রাখা হয়েছে।
নির্মাণকারি প্রতিষ্ঠান সূত্র জানায়, এটি নির্মাণ করতে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। ছাতক উপজেলার সুনামগঞ্জ জেলা প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ বটেরখালের উপর ২৫ আগষ্ট ব্রিজের প্রথম গার্ডারের ঢালাই ছাড়া হয়। ঢালাইর লোডে পিসি গার্ডারের স্ট্রীল ফ্রেইমের কয়েকটি জয়েন্ট’র নাট-বল্টু ভেঙ্গে গিয়ে গার্ডারটি প্রায় ৮ থেকে ১০ ইঞ্চি দেবে যায়। এরপর থেকে ব্রিজের কাজ প্রায় বন্ধ হয়ে পড়ে। প্রায় একমাস পর ২৬ সেপ্টেম্বর ওই গার্ডারটির স্থান পরিবর্তন করে দেয়া হয়। নির্মাণকারি প্রতিষ্ঠান অনেক চেষ্টা-তদবির চালিয়ে গেলেও শেষ পর্যন্ত জাইকা ব্রিজ কর্তৃপক্ষ ওই ত্রুটিযুক্ত গার্ডারটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। এর আগে এখানের দায়িত্বরত প্রকৌশলী মন্তব্য করেছিলেন, এগার্ডারটি ফেলে দেয়ার কোন প্রয়োজন নেই। অন্যান্য ব্রিজের গার্ডারের তুলনায় এটি খুব শক্তিশালী এবং মজবুত আছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ ব্রিজের আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। ওই সময় তিনি সড়কের মোট ১২টি ব্রিজের কাজের উদ্বোধন ঘোষণা করেন। ইষ্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রোভমেন্ট প্রজেক্ট (ইবিবিআইপি)’র আওতায় সড়কের ১২টি পিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ অধিদপ্তর। ২০১১ সালের ১১ জুন প্রকল্পের আর্ন্তজাতিক দরপত্র আহবান করার মাধ্যমে ইষ্টার্ন বাংলাদেশ ইমপ্রোভমেন্ট প্রজেক্ট সিলেট জুনের কাজ পায় ভারতের নির্মাণ প্রতিষ্টান জ্ঞানন ডানকারনি এন্ড কোম্পানী। ভারতের ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ঢাকার করোলা কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়নের কাজ করে। সড়কের নির্মানাধিন ব্রিজগুলোর হলো সুনামগঞ্জ প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ ব্রিজ, জালালপুর রত্না নদীরউপর ব্রিজ, ভূইগাঁও সংলগ্ন বুকার ভাঙ্গা ব্রিজ, ভূলা খালি ব্রিজ, বাউরের খাল’র উপর ব্রিজ, বড়খাল ব্রিজ, রাউলি খাল’র উপর ব্রিজ, কৈতক ব্রিজ, মনবেগ ব্রিজ, আহছান মারা ব্রিজ, চেকনাই ব্রিজ (ইকবাল নগর), বিজিবি সড়কের সামনের ব্রিজ। জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে ২শ’ কোটি টাকা ব্যয়ে এ সড়কের ১২টি ব্রিজের নির্মাণ কাজ চলছে। যথাসময়ে ব্রিজের কাজ সম্পন্ন করে আঞ্চলিক থেকে জাতীয় মহাসড়কে রুপান্তরিত করতে প্রধানমন্ত্রীর দেয়া ঘোষণাকে বাস্তবায়ন চায় সুনামগঞ্জবাসী।




