স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় দলিতদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বেসরকারি সংস্থা শারি’র উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। ৮ সেপ্টেম্বর রবিবার নকলা পৌরসভা কার্যালয়ে আয়োজিত ওই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ মুখলেছুর রহমান তারা।
শারি’র সমন্বয়কারী সোলায়মান আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, পৌরসভার প্যানেল মেয়র মোঃ শফিউল ইসলাম ও পৌর সচিব মোঃ মনিরুল হাসান আজাদ। এসময় স্থানীয় দলিত পঞ্চায়েত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নকলা পৌরসভায় বসবাসরত দলিতদের পুনর্বাসনের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ সুবিধা প্রদান, বাসস্থান সমস্যার সমাধান, দলিতদের সামাজিক নিরাপত্তা বলয়ে অংশগ্রহণ নিশ্চিতকরণ, পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে প্রকৃত হরিজনদের শতকরা ৮০ ভাগ নিয়োগের কোটা সংরক্ষণ এবং দলিত পরিবারের ছেলেমেয়েদের শিক্ষাবৃত্তি প্রদানের ব্যবস্থা নেয়ার ব্যাপারে পৌর কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করা হলে পৌরসভার মেয়র বলেন, দলিতরা সমাজেরই অংশ। তাদের বাদ দিয়ে সুস্থ সামাজিক পরিবেশ আশা করা বাতুলতা মাত্র। তিনি দলিতদের পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের সার্বিক সহযোগিতার দাবি জানান। তিনি শেরপুর জেলায় দলিতদের নিয়ে কাজ করার জন্য বেসরকারি সংস্থা শারি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ওই কার্যক্রম আরও দীর্ঘস্থায়ী করার আহ্বান জানান।




