ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা : ইসলামপুরে ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতাল চলাকালে সোমবার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা গ্রামে হরতাল সমর্থকদের হামলায় শাহাজাদা নামে এক যুবলীগ কর্মী হত্যার প্রতিবাদে সমাবেশ ও র্যালি করেছে উপজেলা আওয়ামী লীগ। ২৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে এক প্রতিবাদ র্যালি শহর প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আ. বারী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাছের চার্লেস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক লাল মিয়া, জেলা যুবলীগ সভাপতি আল আমিন চান, সাধারণ সম্পাদক নাইমুল রহমান নাইম, উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আ. কাদের সেক, উপজেলা ছাত্রলীগ সভাপতি জাফি আহম্মেদ সুমন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সরদার জাকিউল হক। সমাবেশে বক্তারা হরতালের নামে সন্ত্রাস-নৈরাজ্য ও হত্যার রাজনীতি পরিহার করে শান্তির পথে আসতে বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতা-কর্মীদের আহবান জানান। সেইসাথে তারা নোয়ারপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য শাহাজাদা হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই হত্যাকান্ডের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান।




