স্টাফ রিপোর্টার : সরকারি-বেসরকারি সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছাতে সরকার ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার চালু করেছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার চালুর ৫ বর্ষে পদার্পন উপলক্ষে ১৭ নভেম্বর মঙ্গলবার শেরপুরে ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচীর সহায়তায় জেলা প্রশাসন শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় জানানো হয়, জেলায় ৫২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে প্রতিমাসে গড়ে দুইশ পঞ্চাশ জন করে লোক সেবা গ্রহণ করে থাকে। আর এসব ডিজিটাল সেন্টার থেকে উদ্যেক্তাদের মোট মাসিক আয়ের পরিমাণ প্রায় দেড় লাখ টাকা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. এ এম. পারভেজ রহিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এটুআই কর্মসূচীর সিনিয়র কনসালট্যান্ট জুবায়ের আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক পাটোয়ারি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এতে জেলার ৫২টি ইউনিয়নের ১০৪ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে একটি র্যালিও শহর প্রদক্ষিণ করে।




