ময়মনসিংহ প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের চার জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাকে যুক্ত করে ময়মনসিংহকে বিভাগ অনুমোদন দেয়ায় আনন্দে উদ্বেলিত ময়মনসিংহবাসী। গতকাল সোমবার দুপুরে মন্ত্রী পরিষদের বৈঠক শেষে নিকারের বৈঠকে ময়মনসিংহ বিভাগ অনুমোদন দেয়া হয়। এখবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়লে ময়মনসিংহ শহরে আনন্দের বন্যা বয়ে যায়। একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ-উল্লাস করে।
এদিকে ময়মনসিংহকে বিভাগ ঘোষনা করায় ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ প্রেসকাবে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে।
এদিকে বিভাগ ঘোষনা করায় বিকেলে পৌর মেয়র ইকরামুল হক টিটুর পক্ষ থেকে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বর থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আনন্দে উৎফুল্ল শহরবাসী নেচে-গেঁয়ে আনন্দ-উল্লাস করে। ময়মনসিংহ বিভাগ হওয়ার আনন্দে পুরো শহর যেন উৎসবের নগরীতে পরিণত হয়।




