ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ফুলপুরের কাশিগঞ্জে আব্দুল হালিম হত্যা মামলায় ৪র্থ অতিরিক্ত দায়রা জজ আদালত ৩ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে ।

২৬ নভেম্বর বুধবার বিকেলে ৪র্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জহিরুল কবির ২০০২ সালে দায়েরকৃত মামলায় শুনানী ও সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন ফুলপুর উপজেলার বাইনজানা গ্রামের আস্কর আলী ওরফে বাদশা, শাহাব উদ্দিন ও তুলা মিয়া এবং যাবজ্জীবন কারা দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন রুবেল মিয়া, আব্দুস সাত্তার, মো: সুরুজ্জামান, আবু বাক্কার ও আতাব উদ্দিন।
মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামীরা আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপীল করতে পারবেন।
রায়ের বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৭ মে বিকাল ৩টায় ফুলপুরের কাশিগঞ্জে আব্দুল হালিমকে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে আসামীরা উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পরে ৯জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। আসামীদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকী ৮ জনই জেল হাজতে রয়েছেন।









