ইয়ানুর রহমান (যশোর) : যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে সাইফুলাহ (২২) নামে এক কলেজ ছাত্রকে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে খুন করেছে। সোমবার রাত সাড়ে আটটার পর কালেক্টরেট ভবনের পাশে নার্সারি পলীতে এ ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম নামের এক রিকশাচালক জানান, তিনি কালেক্টরেট ভবনের পশ্চিমপাশ দিয়ে রিকশা নিয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। নার্সারি পলীতে রাস্তার পাশে এক ছাত্রকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ছাত্রের মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আবুল কালাম আজাদ রাত পৌনে নয়টার দিকে সাইফুলাহর মৃত্যু নিশ্চিত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
যশোর পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের সিনিয়র এএসপি রেশমা শারমিন জানান, নিহত সাইফুলাহ উপশহর ডিগ্রি কলেজের ছাত্র। তিনি মণিরামপুর উপজেলার মোবারকপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ছিনতাইকারীরা এ ঘটনা ঘটায়নি বলে জানিয়ে রেশমা শারমিন বলেন, সাইফুলাহর মোবাইল ফোন তার পকেটেই পাওয়া গেছে।
তবে কোতোয়ালি থানার ওসি ইনামুল হকের ধারণা, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাইফুলাহ মারা গেছেন।
সাইফুলাহ শহরের রেলগেট এলাকার একটি ছাত্রাবাসে থাকতো বলে তার ভাই মহসিন জানান।




