কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে সোমবার গ্রেপ্তার করেছে র্যাব। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জে র্যাব-১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর একটি আভিযানিক দল সোমবার কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া চৌরাস্তা কমার্স গার্ডেন কোচিং সেন্টার এর পিছনে পুরাতন ফায়ার সার্ভিস মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় এক জন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে হারুয়া চৌরাস্তা কমার্স গার্ডেন কোচিং সেন্টার এর পিছনে পুরাতন ফায়ার সার্ভিস মাঠে অপেক্ষা করছিল। পরে র্যাবের একটি চৌকষ দল অভিযান পরিচালনা করে ১০পিছ ইয়াবাসহ নাদীম মিয়া (২৫) কে গ্রেপ্তার করে। পরে নাদীম মিয়াকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তাড়াইলে স্যানিটেশন বিষয়ক আলোচনা সভা
“স্যানিটেশনে অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির যৌথ উদ্যোগে স্যানিটেশন বিষয়ক এক আলোচনা সভা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৪ উদ্যাপন উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। ইউএনও মোসাঃ রাবেয়া আকতারে সভাপতিত্বে অননুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঞা কাঞ্চন, ভাইস চেয়ারম্যান মো. ছাইদুর রহমান, কৃষি কর্মকর্তা মো. দুলাল হোসেন, মেডিকেল অফিসার ডা. বদরুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী হাবিবুল ইসলাম, ব্র্যাক ওয়াশের সিনিয়র ম্যানেজার আবু রায়হান, তাড়াইল-সাচাইল (সদর) ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মহাজন, তাড়াইল প্রেস ক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এমদাদুল্লাহ্, তাড়াইল ইউনিটের সভাপতি আলী কায়সার খান প্রমুখ

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন
কিশোরগঞ্জে নতুন কমিটি গঠন নিয়ে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন শেষে জেলা ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাস প্রদক্ষিণের সময় দোষীদের গ্রেফতার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে কলেজ গেইটের সামেন এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন তার বক্তব্যে অভিযোগ করে বলেন, সাবেক ছাত্রলীগ নেতা খায়রুজ্জামান পুটনের নেতৃত্বে ছাত্রদল ও শিবির থেকে ছাত্রলীগে অনুপ্রবেশকারী সন্ত্রাসীরা (১৫অক্টোবর) রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও আশপাশ এলাকায় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ৭ জন গুলিবিদ্ধসহ আরো অনেকে আহত হয়। এ ঘটনায় ইতোমধ্যে সদর থানায় মামলা করাসহ কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ওইসব সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এ জন্য তাদের আজকের কর্মসূচি পালন বলে তিনি সমাবেশে জানান। জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত উদ্দিন বচন, জেলা ছাত্রলীগ নেতা শাহজাহান কবির হিমেল, জেডএম কাইয়ুম, গুরুদয়াল কলেজ ছাত্রলীগ নেতা সাইদুর রহমান, আঃ কাইয়ুম স্বপন, রাশিদুল ইসলাম রিপন, ইয়াসিন আরাফাত বাবু, সাদ্দাম হোসেন, মাহমুদুল হাসান, দিদারুল ইসলাম, অপু, রাজা, সানি, রবিন, শামীম প্রমুখ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী বক্তব্যে বলেন, দোষীদের পুলিশ গ্রেফতার না করলে পরবর্তীতে সাধারণ ছাত্রদের নিয়ে জেলা ছাত্রলীগ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করে বিএনপি-জামাতের এজেন্টদের প্রতিহত করবে। শান্তিপূর্ণ এ জেলায় ছাত্রলীগ নামধারী কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। প্রসঙ্গত জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটিকে কেন্দ্র করে ১৫ অক্টোবর বিবদমান দু’টি গ্রুপের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৃথকভাবে ৩টি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এসব মামলার আসামীর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।




