ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ফেরি করে ফেনসিডিল বিক্রি করার সময় নূর হোসেন (৩৫) নামে এক ভ্রাম্যমাণ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার বিকালে শহরের মাওলানা সড়কে ২নং পানির ট্যাংকির সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ভ্যান থেকে ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক নূর হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামের আব্দুল জব্বারের ছেলে। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে পাইকারি মূল্যে ফেনসিডিল কিনে এনে তিনি ঝিনাইদহ শহরে বিক্রি করতেন।

র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের অধিনায়ক নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, বিকালে র্যাবের একটি টহল দলের সন্দেহ হলে নূর হোসেনের গতিরোধ করে তারা। এসময় তার ভাংড়ি মালামালের মধ্য থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নূর হোসেন এ ফেনসিডিল অভিনব কায়দায় শহরে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছে। প্রথম দর্শনে মনে হবে না এ ভাংড়ি মালামালের মধ্যে ফেনসিডিল আছে। ভ্যানের ওপর সাজানো ভাঙাচোরা মালামাল। তার মধ্যে অভিনব কায়দায় সাজানো ছিল ফেনসিডিল। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে।
কালীগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
সাজু সভাপতি ও সিদ্দিক সম্পাদক নির্বাচিত

ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির গঠন করা হয়েছে। এতে দৈনিক লোকসমাজ প্রতিনিধি এম. শাহজাহান আলী সাজু সভাপতি ও ভোরের ডাক প্রতিনিধি এনামুল হক সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া দৈনিক অনির্বাণ প্রতিনিধি সোলায়মান হোসাইন সহ-সভাপতি, নবচিত্র/বাংলার চোখ প্রতিনিধি এস.এম. মিজানুর রহমান সহ সাধারণ সম্পাদক, সাপ্তাহিক সোনার বাংলা প্রতিনিধি ইকবাল হুসাইন অফিস সম্পাদক এবং নয়াদিগন্ত প্রতিনিধি গোলাম রসুল ও সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল কালীগঞ্জ শহরের নিমতলা ষ্ট্যা-ে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সভায় উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করেন। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, মাইটিভি ও দৈনিক বর্তমান প্রতিনিধি আনিসুর রহমান মিঠু মালিথা, সিনিয়র সাংবাদিক এম. শাহজাহান আলী সাজু, গোলাম রসুল, সাবজাল হোসেন, সোলায়মান হোসাইন, ইকবাল হুসাইন, আরিফুল ইসলাম টিটো ও এস এম মিজানুর রহমান। সভায় দীর্ঘদিন ক্লাবের কার্যক্রমে অনুপস্থিত থাকায় ডেসটিনি প্রতিনিধি হাসান জাকিরকে ক্লাবের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও নিস্ক্রিয় সদস্যদের উপদেষ্টা করার সিদ্ধান্ত গৃহীত হয়।




