
শ্যামলবাংলা ডেস্ক : খালেদা জিয়ার আদালতে যাওয়া মানেই রাজপথে বিশৃঙ্খলা, নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করা। মঙ্গলবার বিএনপির কর্মীরা এর সীমা অতিক্রম করেছে; জঙ্গি স্টাইলে পুলিশের ওপর হামলা চালিয়েছে।
৩১ জানুয়ারী বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় ওই মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পুলিশের ওপর চড়াও হওয়ার ঘটনাকে ‘খারাপ আলামত’ উল্লেখ করে তিনি বলেন, আদালতের কাছাকাছি আক্রমণের এই স্টাইল কি গণতান্ত্রিক? এরাই নাকি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে!
ঢাকা মহানগর নাট্যমঞ্চে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সামনে আরেকটা নির্বাচন আসছে। আবারও তাই ষড়যন্ত্র, পেট্রোল বোমার গন্ধ পাওয়া যাচ্ছে। আবারও বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি ২০১৩-১৪ সালের মতো ভয়াবহ বোমা সন্ত্রাস চালিয়ে গণতন্ত্রকে নস্যাৎ করতে চাইবে। কিন্তু এবার আওয়ামী লীগ আরও সুসংহত, আরও ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। আগুন নিয়ে খেললে পাল্টা জবাব দেওয়া হবে।
বিএনপি ন্যাশনালিস্ট পার্টি থেকে নালিশ পার্টিতে পরিণত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এত দিন তাদের নালিশ ছিল সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন আন্দোলনে ব্যর্থ হয়ে তারা আদালতের রায় সম্পর্কে নালিশ করছে বিদেশিদের কাছে।
ওবায়দুল কাদের প্রশ্ন করেন, বিদেশিরা কি আদালতকে প্রভাবিত করবে? নালিশের মাধ্যমে বরং বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনার প্রকাশ ঘটেছে। তিনি বলেন, অন্য দেশেও দুর্নীতির জন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিদের বিচার হয়েছে। ৮ তারিখে যে রায় হবে, তা মেনে নিতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের আরও বলেন, নেত্রীর সাজার ভয়ে বিএনপি রাতের অন্ধকারে দলের গঠনতন্ত্রও সংশোধন করেছে। এখন থেকে উন্মাদ, দেউলিয়া, দুর্নীতিবাজ সবাই বিএনপির নেতা হতে পারবে!
আলোচনা সভায় আরও বক্তৃতা দেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।









