স্টাফ রিপোর্টার : শেরপুরে লাল স্কচটেপ ও তার মোড়ানো ককটেল সাদৃশ্য ৩টি বোমা উদ্ধার করেছে পুলিশ। ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা শহরের বটতলা বাসন্তিপাড়াস্থ জনৈক গৌতম বসাকের বাড়ীতে প্রবেশের গলি থেকে ওই বোমা উদ্ধার করা হয়। এসময় ওই এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সাদৃশ্য বোমা ৩টি উদ্ধার করে নিয়ে যাওয়ার পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।
জানা যায়, শহরের বটতলাস্থ বাসন্তিপাড়া মহল্লার জনৈক গৌতম বসাক বুধবার সকাল ১০ টার দিকে ওই গলি দিয়ে তার বাড়ী থেকে বের হওয়ার সময় একটি নেট ব্যাগের ভিতর নিউজ পেপার কাগজে মোড়ানো একটি বস্তু পড়ে থাকতে দেখে। ওইসময় তিনি ওই ব্যাগ খুলে দেখতে পান লাল স্কচটেপ মোড়ানো এবং বৈদ্যুতিক তার সংযুক্ত ৩টি ককটেল। পরে সে দ্রুত শেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ককটেল সাদৃশ্য বোমা তিনটি পানিতে ডুবিয়ে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে এএসপি (সার্কেল) মো. শাহজাহান মিয়া জানান, লাল স্কচটেপ মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তুটি থানায় নেয়া হয়েছে। এক্সপার্ট দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে বস্তুটি কি এবং কে বা কারা এ কাজ করেছে তাও খতিয়ে দেখা হবে।




