আজহারুল হক, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৮দলের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের প্রথম দিন পুলিশের সাথে পিকেটারদের ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় যুবদল-ছাত্রদলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে।
জানা যায়, রবিবার গফরগাঁও-ভালুকা সড়কে পিকেটাররা দিনভর ব্যারিকেট সৃষ্টি করে যান চলাচল বন্ধ রাখে। বিকেলে হরতালের সমর্থনে একটি মিছিল বাসষ্ট্যান্ড এলাকায় এসে পৌছলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পরে পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়লে পুলিশ-পিকেটারের মধ্য ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৪ রাউন্ড গুলি ছোড়ে বলে প্রত্যক্ষ দর্শীরা জানায়। এ ঘটনায় ছাত্রদল-যুবদলের অন্তত পিকেটার আহত হয় বলে জানায় হরতালকারীরা।
অপরদিকে গফরগাঁও হোসেনপুর, গফরগাঁও-ময়মনসিংহ সড়কসহ উপজেলার অন্তত ৩০টি সড়কে বৈদ্যুতিক পিলার ও গাছের গুড়ি ফেলে দিনভর যান চলাচল বন্ধ রাখে পিকেটাররা।




