শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০১৯ সালের মধ্যে ঢাকাবাসী মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি ৬ জুলাই রবিবার যোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে মন্ত্রালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওই কথা বলেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, দেশের কতিপয় মানুষ ও আমেরিকার প্ররোচনায় পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ বাতিল করা হয়েছে। কাজের গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয়ে ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে রবিবার যোগাযোগ মন্ত্রণালয়ে যান শেখ হাসিনা। সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এ মন্ত্রালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দিক নির্দেশনা দেন। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়ে সভাকক্ষে যান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সেবায় সবাইকে মনযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি কাজে প্রতিযোগিতা গড়ে তোলার জন্য সবাইকে উদ্যোগী হওয়ার কথা বলেন।
পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণ বরাদ্দ বাতিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের কতিপয় মানুষ ও আমেরিকার প্ররোচনায় পদ্মা সেতু প্রকল্পে বরাদ্দ বাতিল করা হয়েছে। পদ্মার পাড়ে হংকংয়ের মতো শহর নির্মাণ করা হবে। সেখানে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরি করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা সেখানেই অনুষ্ঠিত হবে। কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু রাস্তা তৈরি করাই নয়, তার রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়। কোন রাস্তা কতটুকু ব্যবহার হবে, প্রতি সেকেন্ডে কত গাড়ি চলবে, কতটুকু যানবাহন ধারণ করবে সে হিসেবে প্ল্যান-প্রোগ্রাম তৈরি করতে হবে।
তিনি বলেন, সারাদেশে এক হাজার ২শ ৬৬ কিলোমিটার সেতু নির্মাণ করা হয়েছে। ধীরে ধীরে সব মহাসড়ককে ৪ লেনে উন্নীত করা হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪ লেনের কাজ শেষ হওয়ার পর ঢাকা-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করা হবে। তিনি আরও বলেন, নেপাল, ভুটান ও ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক ব্যবস্থা জোরদার করার উপায় নিয়ে আলোচনা হচ্ছে এবং এ ব্যাপারে কাজ হচ্ছে।




