
হাতকড়া পরা ডান হাতটি প্যান্টের পকেটে ঢুকিয়ে আসামি রুবেলের বীরদর্পে হেঁটে যাওয়ার দৃশ্য ধরা পড়ে আদালত এলাকার সিসিটিভি ফুটেজে

শ্যামলবাংলা ডেস্ক : আদালত থেকে পালানো রাজধানী বাড্ডার গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি আফসান রহমান ওরফে রুবেলকে ফের গ্রেফতার করা করেছে পুলিশ। ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
শুক্রবার রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার হওয়ার পর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রোববার বিকেলে ঢাকার সিএমএম আদালত থেকে পালিয়ে যায় রুবেল (২৬)। গত শুক্রবার রুবেলকে গ্রেফতার করেছিল র্যাব-১। পরদিন তাকে বাড্ডা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তরুণীকে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রবিবার বিকেলে তাকে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হচ্ছিল। ওই সময় পুলিশের কাছ থেকে লাপাত্তা হয় সে। দায়িত্বে অবহেলার অভিযোগে বাড্ডা থানার এসআই এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গারো তরুণী ধর্ষণ মামলা ছাড়াও রুবেলের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ অন্তত নয়টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে একটিতে তার দণ্ড হয়েছে।
গত ২৫ অক্টোবর বিকেলে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের একটি বাড়িতে হবু স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গারো তরুণীকে ধর্ষণ করে রুবেল।









