নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী কলমুডাঙ্গা গ্রাম হতে ইব্রাহিম হোসেন (২৫) নামের এক ভারতীয় নাগরিকসহ দু’ব্যক্তিকে সাপাহার থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী কলমুডাঙ্গা গ্রামের তছলিম উদ্দীনের পুত্র এরশাদ আলী ভারতীয় নাগরিক ইব্রাহিম হোসেনের সাথে চোরাচালানী ব্যবসা করাকালে এরশাদের কিছু টাকা ভারতীয় ওই নাগরিক আত্মসাত করে। টাকা উদ্ধারের জন্য এরশাদ আলী গত ১৪ মে রাতে কৌশলে ভারতীয় ওই ব্যক্তিকে বাংলাদেশে নিয়ে এসে কলমুডাঙ্গা চৌমুহনী গ্রামে তার নিজ বাড়ীতে আটক রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় সাপাহার থানা পুলিশের এস আই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ এরশাদের বাড়ীতে অভিযান চালিয়ে বন্দিদশা থেকে ইব্রাহিম কে উদ্ধার করে। পুলিশ এ সময় অবৈধ ভাবে ভারতীয় ওই নাগরিক ইব্রাহিম হোসেন কে আটক রাখার অভিযোগে এরশাদ আলীকে ও আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সাপাহার থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিক ইব্রাহিম হোসেন দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার লক্ষিপুর গ্রামের আব্দুল ওহাবের পুত্র বলে পুলিশ জানিয়েছে। বিজিবি কলমুডাঙ্গা ক্যাম্প কমান্ডার আবু সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




