এইচ এম নাসির উদ্দিন আকাশ, ঝালকাঠি : কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষে ঝালকাঠি সদর উপজেলার চরভাটারাকান্দা গ্রামে সোমবার লাইভলিহুড ফিল্ড স্কুল (এলএফএস) মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ‘ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রোডাক্টিভিটি প্রজেক্ট’ (আইএপিপি) এর আওতায় এর আয়োজন করে। কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আবদুল আজিজ ফরাজী এতে প্রধান অতিথি এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আবদুর রাজ্জাক ও আইএপিপি’র জেলা সমন্বয়কারী মোঃ আনিসুর রহমান বিশেষ অতিথি ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় রায় সভাপতিত্ব করেন। স্থানীয় ইউপি সদস্য আলতাফ হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ খান ও আসাদুজ্জামান এবং কৃষক আবদু আজিজ, রেজাউল করিম হাওলাদার ও শাহনাজ বেগম বক্তৃতা করেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আলাউদ্দিন সিকদার, উপসহকারী কৃষি অফিসার ওয়াজেদ আলী খান, আলাউদ্দিন খান, সোহরাব আলী খান, এমএ হান্নান খান, জাহাঙ্গীর হোসেন ও পার্থ প্রতীম হালদার; ইউপি সদস্য কামরুল মোল্লা ও সাজেদুল আলম, ইউপি মহিলা সদস্য ফেরদৌসি বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলএফএস এর সদস্য-সদস্যা ছাড়াও স্থানীয় কৃষক-কিষাণীরা অংশ নেন। তাদেরকে খরা সহিষ্ণু আউশ ধানের জাত নেরিকা এবং ব্রি ৪২ ও ৪৩; লবণ সহিষ্ণু ধানের জাত বি আর ২৩, ব্রি ধান ৪৭ ও বিনা ৮; বন্যা সহিষ্ণু আমন ধানের জাত ব্রি ৫১ ও ৫২; মুগ ডালের খরা সহিষ্ণু ও স্বল্পজীবনকাল জাত বারিমুগ ৫ ও ৬; খরা ও তাপ সহিষ্ণু গমের জাত বারিগম ২৫ ও ২৬; বসতভিটায় সবজি চাষ, জৈব কৃষির উপাদান, আধুনিক চাষাবাদের কলাকৌশল এবং লাইভলিহুট ফিল্ড স্কুলের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক ধারণা দেয়া হয়।




