ভোলা প্রতিনিধি : ভোলা শহরের কালিবাড়ী রোড এলাকায় অটোরিকশার ধাক্কায় দিলীপ ধাওয়াল (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিলীপ জজকোটের নাজির ও ভোলা কালিবাড়ী রোড এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, সকালে দিলীপ বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথে ওই এলাকায় একটি অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে তিনি মারা যান।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালকসহ অটোরিকশাটি আটক করা হয়েছে।
ভোলায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক ৩
ভোলায় পুলিশের পৃথক ৩টি অভিযানে সাড়ে ৪ কেজি গাজাঁসহ সিরাজ (৪০), আরিফ (১৮) ও নাজিম (২৩) নামে তিন মাদক ব্যবসায়ীকে পুৃলিশ বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে।
রোববার সকাল থেকে রাত পর্যান্ত সদরের খেয়াঘাট বীজ্র, রাজাপুর ও ইলিশা ফেরীঘাট এলাকা থেকে পুলিশ এদের আটক করে।
ভোলা সদর মডেল থানার ওসি মোবাশ্বের আলী জানান, ভোলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রনে কয়েকদিন থেকেই পুলিশের বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসাবে সদরের ইলিশা ফেরীঘাট এলাকা থেকে ২কেজি গাজাঁসহ সিরাজ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে ইলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সদর মডেল থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে খেয়াঘাট এলাকা থেকে আরিফ (১৮) নামে এক যুবককে আধা কেজি গাজাঁসহ আটক করা হয়।
রাত ৮টার দিকে ইলিশার রাজাপুর এলাকা থেকে ২ কেজি গাজাঁসহ নাজিম (২৩) নামের এক মাদক বিক্রতাকে আটক করে পুলিশ। এ ব্যপারে রাতেই ভোলা সদর মডেল থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
ভোলার চরফ্যাসনে খাসজমি বন্দোবস্তের দাবীতে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ

চরফ্যাসনের সিকদার চরের খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদানের দাবী নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করেছে সিকদার চরের ভূমিহীন কৃষক-কৃষাণীরা। বাংলাদেশ কৃষক ফেডারেশনের ব্যানারে রোববার দুপুরে এই সমাবেশ করা হয়।
সমাবেশে বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বদরুল আলম, সহসাধারন সম্পাদক হযরত আলী, সদস্য সাবিনা ইয়াসমিন, ভোলা জেলা সভাপতি আলম বাচ্চু, মনপুরা উপজেলা সভাপতি পারভীন আকতার , চরফ্যাসন উপজেলা কৃষাণী ফেডারেশনের সভাপতি কমলা বেগম বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, ১৯৯৬ সন থেকে কৃষক ফেডারেশন এবং কৃষাণী সভার নেতৃত্বে ভূমিহীনরা সিকদার চরের খাসজমিতে আশ্রিত থেকে চাষাবাদ করে আসছে।
কিন্তু স্থানীয় কামাল বাহীনি, ভূমিসন্ত্রাসী আব্দুল মালেক, বারেক খাঁ, জলিল বেপারীর দৌরাত্মে ভূমিহীন কৃষকরা উদ্বিগ্ন-আতংকিত। ভূমিদস্যুরা ভূমি প্রশাসনের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে নামে, বে-নামে সিকদার চরের খাসজমি বন্দোবস্ত নেয়ার পায়তারা করছে এবং ইতিমধ্যে বেশকিছু জমির ভূয়া বন্দোবস্তের কাগজ দেখিয়ে দখলীয় জমি থেকে অনেক ভূমিহীনকে উচ্ছেদ করা হয়েছে।
এসব ভূমিসন্ত্রাসীদের দাপটে নিরীহ ভূমিহীনরা শংকিত হয়ে পড়েছে। সমাবেশ শেষে সিকদার চরের খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত প্রদানসহ ৫ দফা দাবী সম্বলিত স্বারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ভোলা জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম আশ্বস্ত করে বলেছেন-উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটির পরবর্তী সভায় বিষয়টি উপস্থাপন করা হবে।




