নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে এক সংঘর্ষে ২ জন মহিলা সহ উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে উপজেলার বিনোদনগর ইউনিয়নের রাঘবেন্দ্রপুর খামার বাড়ী গ্রামে। আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা জানান পারিবারিক তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে হাফিজুর রহমান(৩০), হাফিজুরের মা মর্জিনা বেগম(৫০), মৃত সোবহানের ছেলে দেলোয়ার হোসেন(৪০) ও মনোয়ার হোসেনের স্ত্রী দেলোয়ারা বেগম(২৫) গুরুতর আহত হয়। দেলোয়ার ছাড়া বাকী ৩ জনই মাথায় ও হাতে আঘাত প্রাপ্ত হয়।
নবাবগঞ্জে দেড় মাসেও উদঘাটন হয়নি মোস্তাফিজুর খুনের রহস্য

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান(২৬) খুনের দেড় মাস সময় অতিবাহিত হলেও পুলিশ তার কোন রহস্য উদঘাটন করতে পারে নাই। পুলিশ এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বিরামপুর উপজেলা সদরের মৃত মিরাজ উদ্দীনের ছেলে নুর ইসলামকে গত ২৩ মার্চ গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী অফিসার এস আই জিয়াউর রহমান(২) জানান মামলার তদন্ত কাজ চলছে। তিনি ঘটনার রহস্য অচিরেই উদঘাটনের আশাবাদী । উল্লেখ্য গত ১১ মার্চ রাতে একই গ্রামের সাহার আলীর ছেলে মাহাবুব হোসেন বাবু মোস্তাফিজুরকে তার একটি নির্মাানাধীন বাড়ী পাহারা দেয়ার কথা বলে ডেকে নিয়ে যান। এর পরদিন ধরন্দা গ্র্রামের পার্শ্বে তুলশীগঙ্গা নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মোস্তাফিজুরের পিতা মোফাজ্জল হোসেন বাদী হয়ে ২ জনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।




