ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল রানী বেগম (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রী। মানবাধিকার সংস্থার হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। রানী বেগম উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী-চাকলপাড়া গ্রামের তোয়াহিদ আলীর কন্যা ও দিঘলী রহমানিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী। শুক্রবার তার বিয়ের দিন ধার্য্য ছিল। বর কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের আইয়ূব আলীর পুত্র শামীম হোসেন। ৩দিন ধরে রানী বেগম মাদ্রাসায় না যাওয়ায় তার সহপাঠিরা খোঁজ নিয়ে বিয়ের কথা জানতে পারে। বিষয়টি মাদ্রাসার প্রিন্সিপাল জহুর আলীসহ লোকজনদের মধ্যে ছড়িয়ে পড়লে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ফিল্ড অর্গানাইজার সুমি রানী দাস ও একই সংস্থার সিলেট জেলা উপদেষ্টা বুরহান হোসেন কনের বাড়িতে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন। ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী জানান, তার পরিষদ থেকে কিভাবে জন্ম নিবন্ধন নিয়েছে তা তিনি জানেন না। তবে বিয়ে বন্ধে তিনি গ্রাম পুলিশ পাঠিয়েছেন কনের বাড়িতে।
ভেজাল দ্রব্য প্রতিরোধে অবদান রাখায়
ছাতক থানার ওসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান

ভেজাল দ্রব্য প্রতিরোধে বিশেষ অবদান রাখার জন্য ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাতক থানায় সুনামগঞ্জের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রুহুল কবির খান, সিলেট জেলা আসকের চীফ উপদেষ্টা ও শহীদ মুক্তিযোদ্ধা সুলেমান হোসেনের ভাই বুরহান হোসেন এ ক্রেস্ট ওসি শাহজালাল মুন্সির হাতে তুলে দেন। এ সময় কনজুমার রাইটস সিলেট বিভাগীয় পরিচালক বাপ্পী চৌধুরী উপস্থিত ছিলেন। গত ১৫মার্চ জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ কনজুমার রাইটসের উদ্যোগে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরে সিলেট বিভাগের ৩জন অফিসার্স ইনচার্জকে এ সম্মাননা দেয়া হয়। এর মধ্যে কোম্পানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হোসেন, হবিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ নন্দন কান্তি ধরকে এ পুরস্কারে ভুষিত করা হয়েছে।
ছাতকে দুটি দোকানে চুরি সংঘটিত
ছাতক পৌর শহরে একই রাতে মুক্তিযোদ্ধা মার্কেটের দুটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দু’দোকান থেকে অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি করে নেয়। বুধবার গভীর রাতে মার্কেটের পেছন দিক দিয়ে চালের টিন খুলে মুক্তিযোদ্ধা রবিন্দ্রনাথ মিন্টুর মালিকানাধিন মা ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স দোকান থেকে বিভিন্ন ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী, নগদ ১৫হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই সাথে তার পাশের তাতিকোনা গ্রামের বিপ্লব দাসের ষ্টেশনারী দোকান থেকে নগদ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও কসমেটিক জাতীয় দ্রব্যাদিসহ ৭হাজার টাকার মালামাল চুরি করে নেয়। প্রধান সড়ক সংলগ্ন দুটি দোকান চুরির ঘটনার সাথে নিয়োজিত পাহারাদার জড়িত রয়েছে বলে অনেকেই ধারনা করছেন।
ছাতকে ক্লাষ্টার মিটিংয়ের নামে
শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায়

ছাতকের দোলারবাজার ইউনিয়নের চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগমের বিরুদ্ধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ক্লাষ্টার মিটিংয়ের নামে প্রায় ১০হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাষ্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে এ নিয়ে গ্রামবাসীর এক সভায় ম্যানেজিং কমিটির সভাপতি হাশিম আলী প্রধান শিক্ষিকা কর্তৃক চাঁদা আদায়ের বিষয়টি তার জানা নেই বলে জানান। চেলারচর গ্রামের কিবরিয়া জানান, বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে শিক্ষার্থী রয়েছে ২৩জন। এর মধ্যে ক্লাষ্টার মিটিংয়ের নামে অধিকাংশ শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন হারে চাঁদা নিয়েছেন প্রধান শিক্ষিকা। বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র, চেলারচর গ্রামের আব্দুলাহ ৫শ’ টাকা, মিরা বেগম ৬শ’ টাকা, ইমন মিয়া ২শ’ টাকা, সুমাইয়া বেগম ১শ’ টাকা চাঁদা দিয়েছে। তিনি আরো জানান, বিভিন্ন হারে শিক্ষার্থীদের কাছ থেকে ক্লাষ্টারের নামে প্রায় ১০হাজার টাকা চাঁদা আদায় করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ক্লাষ্টার মিটিংয়ের নামে কোন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেয়া হয়নি।




