চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স অস্যিজা (৩৬) কে পিটিয়ে আহত করেছে এক মাতাল। পুলিশ মাতাল বাবুল আক্তার (২৬) কে বুধবার বেলা ১ টার দিকে আটক করেছে।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামের রবি মিয়ার ছেলে বাবুল আক্তার মদ্যপ অবস্থায় তার এক নিকটাত্মীয় অসুস্থ সাহেরা খাতুনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে দেখতে যায় এবং হাসপাতালে মাতলামি শুরু করে। এসময় ওই ওয়ার্ডে কর্মরত সিনিয়র ষ্টাফ নার্স অস্যিজা তাকে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটা-কাটির এক পর্যায়ে বাবুল আক্তার তাকে পিটিয়ে আহত করে। এ খবর দ্রুত হাসপাতালে ছড়িয়ে পড়লে কর্তব্যরত সকল কর্মকর্তা, ডাক্তার ও নার্স কর্মবিরতী শুরু করে এবং অভিযুক্ত বাবুলের বিচার দাবী করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্মকর্তারা তাকে আটকে রাখে। এরপর সে নিজেকে সরকারী দলের নেতা বলে দাবী করলে হাসপাতাল কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা পৌরমেয়র আওয়ামীলীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে অবহিত করে। আজ দুপুরে হাসপাতাল চত্বরে পৌরমেয়র ও পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে সালিশি বৈঠকে বাবুল আক্তারকে দোষী সাব্যস্ত করলে পুলিশ তাকে আটক করে। আটককৃত বাবুল আক্তার সরকারী দলের কেউ নয় বলে ও পৌর মেয়র দাবী করেন।




