চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের ১৪ কৃষকের ২০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা বলে পান বরজমালিকদের অভিযোগ। পল্লী বিদ্যুতের মেইন লাইনের লুজ কানেকশন থেকে আগুনের সৃষ্টি হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে ধারনা করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের জামতলার মাঠে ট্রান্সমিটারের নিকটবর্তী বিদ্যুতের ফেজ থেকে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সৃষ্টি হয়। ওই আগুন বরজের ওপর পড়লে আগুন ধরে যায়। এ আগুনে ১৪ কৃষকের প্রায় ২০ বিঘা জমির পানবরজ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দু ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পান বরজ মালিক কৃষক রাজ্জাক, রশিদ, রবিউল, দ্বীন ইসলাম, বাশার, ফুরাদ, বিশু মিয়া, জুয়েল, জন, নুরুজ্জামান, মিল্টন, পচা মন্ডল, মিন্টু ও রবিউল জানান, তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে, জমি লিজ নিয়ে ও ধারকর্জ করে অনেক আশা নিয়ে পান বরজ করেছিলাম। কিন্তু পল্লী বিদ্যুতের আগুনে সেই বরজ পুড়ে যাওয়ায় এখন আমাদের পথে বসতে হবে। এখন আমরা কিভাবে ধারকর্জ ও ঋণের টাকা পরিশোধ করবো।
এলাকাবাসী জানায়, ইতিপূর্বে ২০১২ সালেও আরেকবার একই ফেজ থেকে ১২ কৃষকের পানবরজ পুড়ে যায়। পল্লী বিদ্যুতের বিরুদ্ধে তাদের অভিযোগ বারবার তাদের পানবরজ পুড়ে যায় কিন্তু ক্ষতিপূরণ দেয়ার কেউ নেই। অথচ পল্লী বিদ্যুত তাদের জমির ওপর দিয়ে বিদ্যুত নিয়ে যেয়ে লাখ লাখ টাকা আয় করছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগী পানচাষিরা দাবি করেছেন।




