অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) : মাদক বিক্রেতাকে গ্রেফতারে সহযোগিতা করার অপরাধে গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামে মাদক বিক্রেতারা হামলা চালিয়ে পুলিশের সোর্স শফিকুল ইসলাম ওরফে লিটন হাওলাদার (৩৫) কে গুরুতর আহত করেছে। মূমূর্ষ অবস্থায় তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার তাঁরাকুপি গ্রামের কালু হাওলাদার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। লিটন হাওলাদারের সহযোগিতায় অতি স¤প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের কর্মকর্তারা গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা কালুর মা রেনু বেগম ও এক মাদকসেবী উজ্জলকে আটক করে থানায় সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গৌরনদীর ইউএনও পুলিশের আটককৃত মাদক বিক্রেতা রেনু বেগম ও সেবনকারী উজ্জলকে একবছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গতকাল দুপুরে লিটন মাদক বিক্রেতা কালু হাওলাদার, তার সহযোগী মিন্টু হাওলাদারকে মাদক বিক্রি করতে নিষেধ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতা কালুর নেতৃত্বে ৩-৪ মাদক বিক্রেতা মঙ্গলবার রাতে তাঁরাকুপি গ্রামে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে শফিকুল ইসলাম লিটন বাদী হয়ে ৫জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
গৌরনদীতে ৬০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ মুন্সী, সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী থানার ওসি মো. আবুল কালাম, মুক্তিযোদ্ধা সৈয়দ মনিরুল ইসলাম বুলেট, আলহাজ্ব শামসুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ মাহবুব আলম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি লুৎফর রহমান দ্বীপ প্রমুখ।
পল্লী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডিজিএমকে মারধর : আটক ১

বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ নাঠৈ গ্রামে অবৈধ বিদ্যুৎ লাইন উচ্ছেদ করার সময় পল্ল¬ী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বিশ্বাসকে মারধর করেছে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার দক্ষিণ নাঠৈ গ্রামের ইউপি সদস্য কাজী আবদুল জলিল প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে তার বসতঘরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। গোপনসূত্রে খবর পেয়ে পল্ল¬ী বিদ্যুৎ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী হেমায়েত উদ্দিন বিশ্বাসের নেতৃত্বে ৫ কর্মকর্তা-কর্মচারী বুধবার রাত ৮টার দিকে ইউপি সদস্য কাজী অবদুল জলিলের বাড়িতে অবৈধ বিদ্যুৎ লাইন উচ্ছেদ করতে যায়। অবৈধ বিদ্যুৎ লাইন উচ্ছেদের সময় জলিলের পুত্র কাজী রাশেদ (৩০) এর নেতৃত্বে ৪-৫ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে ডিজিএম হেমায়েত উদ্দিন বিশ্বাসকে মারধর করে। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী কাজী রাশেদকে আটক করেছে।
গৌরনদীতে মাদক সম্রাট গ্রেফতার
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার রাতে ৮ পিস ইয়াবাসহ সুন্দরদী গ্রামের মাদক সম্রাট শওকত হাওলাদার (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে এএসআই শামীম সরকার বাদি হয়ে মাদক সম্রাট শওকত হাওলাদারসহ ৪ জনকে আসামী করে ওই রাতেই গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতকে বুধবার বিকেলে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে প্রেরণ করেছে।




