গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের বিভিন্ন পদের ৬ প্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে হাতে হাত রেখে ভোট চাইলেন উপজেলাবাসির কাছে। সুশাসনের জন্য নাগরিক- সুজন, গোপালপুর শাখার উদ্যোগে নির্বাচনে শিক্ষিত, সৎ, যোগ্য ও জনগনের কল্যাণে নিবেদিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে ঘুষ, দুর্নীতি ও শোষণ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে পৌরশহরের সূতী ভি, এম, পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেলে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে প্রার্থীরা দলমত ভূলে এক মঞ্চে মিলিত হন।
সুশাসনের জন্য নাগরিক- সুজন, গোপালপুর শাখার সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রনেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাণ্ডু (আনারস), বিএনপির প্রার্থী গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. আব্দুল কাদের কবীর উজ্জল (দোয়াত-কলম), উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগের প্রার্থী শহর আওয়ামী লীগের সম্পাদক মো. আব্দুল লতিফ ওরফে সিটি লতিফ (চশমা), বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন (টিউবয়েল), উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত হাতের আলী তালুকদার এমপির নাতনি, গোপালপুর পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমান তালুকদারের বড় মেয়ে মানবাধিকার কর্মী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী মরিয়ম আক্তার মুক্তা (হাঁস), বিএনপির প্রার্থী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা পারভীন (কলস) প্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীরা ভোটারদের নানা প্রশ্নের জবাব দেন ও গোপালপুর উপজেলাকে আধুনিক এবং আলোকিত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আবেগ তাড়িত হয়ে নয়-এবার নির্বাচনে দেখে শুনে শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেয়ার কথা জানান উপস্থিত ভোটারগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।




