আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : ‘আমি সব হারিয়ে আপনাদের কাছে এসেছি। একটি ভোট ভিক্ষার জন্য। আনারস ও ফুটবল প্রতীকে ভোট দিয়ে আমার মনোনীত প্রার্থীদের বিজয়ী করে এলাকার উন্নয়ন অব্যাহত রাখুন। ২০০১ সালে চারদলীয় জোটের সন্ত্রাসীরা বাগধা এলাকার আওয়ামীলীগ নেতা বাবুল বাহাদুর, গৌরনদীর ছাত্রলীগ নেতা বুলেটসহ সারাদেশে আওয়ামীলীগের ২৩হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আমার কাছে উন্নয়নের কথা বলতে হবেনা। যতদিন জীবিত আছি ততদিন এলাকার উন্নয়ন করে যাব। চারদলীয় জোট সরকারের শাসন আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করতে চেয়েছিল।’ গতকাল বুধবার বিকেলে উপজেলার বাগধা মডেল বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এআর ফারুক বখতিয়ারের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ্ একথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের এমপি এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার। আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবি এ্যাড. দেবদাস সমাদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার চেয়ারম্যান আইউব আলী মিয়া, আওয়ামীলীগ নেতা রুস্তম সেরনিয়াবাত, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মলিনা রায়, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউনুস আলী মিয়া, অনন্ত হালদার, হরিচাঁদ মন্ডল, আবুল কাশেম বখতিয়ারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আগৈলঝাড়ায় বিদ্রোহী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ছেলের হামলায় আহত ২

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী আ’লীগ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ছেলের হামলার ঘটনায় ২জন আহত হয়েছে। আহত অবস্থায় ২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।।
স্থানীয় ও আহতসূত্রে জানা গেছে, গতকাল বুববার উপজেলার বাগধা ইউনিয়নের উওর চাঁদত্রিশিরা গ্রামের দলিল উদ্দিন বখতিয়ারের ছেলে লিটনের বাড়ির গাছ কাটাতে গেলে একই এলাকার আ’লীগের বিদ্রোহী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পেয়ারা বেগমের ছেলে যুবলীগ নেতা মিঠু বখতিয়ার ওই জমি ও গাছ তাদের দাবি করে গাছ কাটতে বাঁধা দেয়। বাঁধা দেয়ার একপর্যায়ে কথা কাটাকাটির সময় মিঠ,ু তার ভাই রিংকু, রাসেল ও বিথী মিলে গাছ কাটা কুড়াল দিয়ে লিটন ও তার বেয়াই মামুন বখতিয়ারকে কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর অবস্থায় লিটন ও মামুনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।




