চট্টগ্রাম সংবাদদাতা : বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় শ্রমিকবাহী একটি মিনিবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ৪ নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। ১১ মার্চ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন মুক্তা (২৫), রুপা (৩০) ও জেসমিন (২০)। বাকি ১ জনের নাম পাওয়া যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- সুজন (১৮), সুইটি আক্তার (১৬), এনাম হোসেন (২৫), শিল্পী (১৮), নমিতা রুদ্রা (১৮) ও শম্পা চক্রবর্তী (২৪)।

চট্টগ্রামের উপ পুলিশ কমিশনার (উত্তর) হারুন রশিদ জানান, দোহাজারী থেকে চট্টগ্রামগামী ট্রেনের সাথে বাহির সিগন্যাল এলাকায় শ্রমিক নিয়ে রেললাইন পার হতে থাকা একটি মিনিবাসের সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি দুমড়েমুচড়ে কয়েকশ গজ দূরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন।




