লালমনিরহাট প্রতিনিধি : হাতীবান্ধা উপজেলা নির্বাচনের বিএনপি’র সমর্থিত প্রার্থী মোশারফ হোসেন, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাহেদুজ্জামান কোয়েল, আনোয়ারুল ইসলাম বাবু ও জামায়াত সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান জাতীয় পার্টি’র চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন। তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এরশাদ শনিবার দুপুরে বিশাল গাড়ী বহর নিয়ে রংপুর থেকে লালমনিরহাট হয়ে হাতীবান্ধা ও পাটগ্রামে আসেন। এ সময় তিনি হাতীবান্ধা ডাকবাংলো’তে দলীয় নেতা-কর্মীদের জাতীয় পার্টি’র প্রার্থী এম জি মোস্তফা’র পক্ষে কাজ করার নিদের্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি’র প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। প্রার্থীরা জানান এতে নির্বাচনী আচরন বিধি চরম ভাবে ভঙ্গ হয়েছে, তারা ইতোমধ্যে বিষয়টি জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক’কে অবগত করেছেন। তারা লিখিত অভিযোগের প্রস্তুতি ও নিচ্ছে।

জাতীয় পার্টি’র প্রার্থী এম জি মোস্তফা আচরন বিধি ভঙ্গের অভিযোগ অস্বীকার করে জানান, জাপা প্রধান এইচ এম
এরশাদের এটি ব্যক্তিগত সফর। এ সফরের সাথে নির্বাচনের কোন সর্ম্পক নেই।
এ বিষয়ে লালমনিরহাট রিটানিং অফিসার আবু নুরমোহাম্মদ সামসুজ্জামান জানান, ফোনে অনেক প্রার্থী এ বিষয়ে অভিযোগ করেছেন। অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।




