লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মধ্যে সংঘর্ষে একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। ২৩ জানুয়ারি বুধবার ভোরে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের মান্দারীর যাদৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহৱসভাপতি অন্তরের বাবা শাহ আলম (৫০), মা নাসিমা বেগম (৪৫), নানি শামছুন্নাহার (৪২), ভাই অমিদ (৮), খালা রোকেয়া বেগম (৩৫) ও তার ছেলে রুবেল (১২) এবং সিএনজিচালক নুর হোসেন সোহাগ (২৫)।
স্বজনরা জানায়, নিহত শাহ আলমের ছেলে ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদ অন্তরকে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের সাদারঘর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। এ ঘটনায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাদিমকে দেখতে চন্দ্রগঞ্জ থেকে পরিবারের লোকজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৪-০৬৭৭৭) সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রাক ও যাত্রীসহ অটোরিকশাটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। সকালে ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহজান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




