এম এম মাসুম রেজা, কালিয়া (নড়াইল) : আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৩ ফেব্রুয়ারী সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপি একক প্রার্থী নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে। তবে উপজেলা চেয়ারম্যান পদে ৮জন প্রার্থীর মধ্যে ৫জন প্রার্থী তাদের মনোনয়নপত্র স্বেচ্ছায় প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে উপজেলা চেয়ারম্যান পদে এ উপজেলায় আওয়ামীলীগের ৩জন ও বিএনপি’র ২জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ থেকে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ওই দু’টি পদে যথাক্রমে ৬জন ও ২জন প্রার্থীর প্রার্থীতা বহাল রয়েছে। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ১জন ও আওয়ামীলীগের ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ২জন প্রার্থী রয়েছেন।

সংশ্লিষ্ট নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ১০জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ১৮জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়া হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৮জন ও বিএনপি’র ২জন, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ১জন ও আওয়ামীলীগের ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ২জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারী) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এ উপজেলায় আওয়ামীলীগের একক প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূল নেতৃবৃন্দের মতামত জানতে নড়াইল জেলা আওয়ামীলীগ ও স্থানীয় সংসদ সদস্য মোঃ কবিরুল হক মুক্তি পৃথকভাবে উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু প্রার্থীরা বিষয়টিতে আন্তরিক না হওয়ায় শেষ পর্যন্ত দলীয়ভাবে একক প্রার্থী মনোনীত করা সম্ভব হয়নি। তবে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নড়াইল জেলা কৃষকলীগ সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ আবু সাঈদ, কালিয়া থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহী, নড়াগাতী থানা আওয়ামীলীগ সভাপতি মফিজুল হক (হাজী মফিজ), সাধারণ সম্পাদক এস এম খাজা নাজিমুদ্দিন ও ভিয়েনা (অষ্ট্রিয়া) আওয়ামীলীগ সভাপতি আশরাফুল বারী মিহির সোমবার তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামীলীগ থেকে উপজেলা চেয়ারম্যান পদে যারা প্রতিদ্ব›িদ্বতা করছেন তারা হলেন, কালিয়া থানা আওয়ামীলীগ সভাপতি মোল্যা ইমদাদুল হক, নড়াগাতী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান অছি এবং সাবেক ছাত্রলীগনেতা কলাবাড়িয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হক কয়েস এবং বিএনপি থেকে কালিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ নওয়াব-উল আলম ও থানা বিএনপির সদস্য খাশিয়াল ইউপির সাবেক চেয়ারম্যান বিশ্বাস আসজাদুর রহমান মিঠু উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মোঃ জাকারিয়া এবং আওয়ামীলীগনেতা মোফাজ্জেল হোসেন শেখ, বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক সরদার সাজ্জাদুল হক লিকু, আ’লীগনেতা তারা মিয়া সরদার, শামিমুর রহমান শান্ত প্রার্থী হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ সমর্থিত বিউটি আক্তার ও মিসেস জোহরা খানম পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামীলীগের একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তৃণমূল নেতৃবৃন্দের মতাততের ভিত্তিতে এমপি মুক্তি সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান খান শামীম রহমান অছিকে আসন্ন নির্বাচনে এ উপজেলায় পুনরায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। তবে আওয়ামীলীগের নির্ভরযোগ্য অপর সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে কালিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোল্যা ইমদাদুল হককে চেয়ারম্যান প্রার্থী হিসাবে কেন্দ্র থেকে মনোনয়ন দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ১৯ ফেব্রুয়ারী এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।




