মোঃ ফারুক হোসেন : বিদ্যাদেবী সরস্বতীর পূজা আজ। অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর বন্ধনায় অগণিত ভক্ত ও শিক্ষার্থী দেবীর চরণে পুষ্পমাল্য অর্পণ করতে আজ মন্দিরে সমবেত হবেন।

সারা দেশে মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনার মাধ্যমে দিনটি উদযাপন করবে দেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন। সরস্বতী পূজা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অনেকে নিজ নিজ গৃহে এ পূজা আয়োজন করবেন।
বরাবরের মতো এবারও ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। ভোরে প্রতিমা স্থাপন এবং সকাল ১০টায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। দুপুর ১২টায় প্রসাদ বিতরণ ও সন্ধ্যা ৭টায় আরথির আয়োজন করা হয়েছে। এ ছাড়াও রাজধানীর ঢাকা রমনা কালীমন্দির ও মা আনন্দময় আশ্রম, রামকৃষ্ণ মিশন, মিরপুর কেন্দ্রীয় মন্দির, ইসকন মন্দির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজসহ অন্য স্কুল-কলেজ এবং বিভিন্ন সংগঠন সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করেছে।




