আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে বাশঝাড় দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের মহিলা ও ছাত্রসহ অন্তত: ১৬ জন আহত হয়েছে। ৩ ফেব্রুয়ারী সোমবার সকালে সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামে ওই ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানায় দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামের হাসেন আলী ও তার ভাই হুসেন আলীর মধ্যে ১কাঠা জমির উপর থাকা বাশঝাড়ের বাশ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গতকাল সোমবার সকালে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হুসেন আলী(৭০), জমিলা(৫৫),ফরিদ(৪০), সুমন(২২), আয়েশা(৩০), খুকি(৩২), তানিয়া(১৮), শিরিনা(২০), শাহিদা(৩০) ও ৯ম শ্রেণীর ছাত্র হৃদয়(১৪)সহ অন্তত ১৬ জন আহত হয়। এদের মধ্যে মুমূর্ষ অবস্থায় জমিলা, ফরিদ, সুমনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




