কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের নতুন লাইন সংযোগের উদ্বোধন করা হয়েছে। ২২ জানুয়ারী বুধবার বিকেলে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন গ্রামে ৪৫ বাড়ীতে নতুন বৈদ্যুতিক লাইন সংযোগের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। পরে জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এক আলোচনার সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শাহাবুদ্দিন আহম্মেদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. মোয়াজ্জম হোসেন পলাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারোয়ার গাজী ও উপজেলা ছাত্র লীগের সভাপতি মো. মোশারফ হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




