স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের দিঘারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও পৌর কাউন্সিলর আমির হোসেন বাদশা তালুকদারসহ ১০ নেতা-কর্মী হাইকোর্ট থেকে অর্ন্তবর্তীকালীন জামিন লাভ করেছেন। ২০ জানুয়ারী সোমবার দুপুরে তারা হাইকোর্টের বিচারপতি মোঃ বাহাউদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন জানালে তাদের ৪ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিন দেওয়া হয়। আদেশ মোতাবেক ওই সময়সীমার মধ্যে তাদেরকে নিু আদালতে হাজির হতে হবে। জামিনপ্রাপ্ত অপরাপর নেতাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রমজান আলী, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রূপম ও জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন সোলে।

উল্লেখ্য, ৫ জানুয়ারী দুপুরে দশম জাতীয় সংসদ নির্বাচন চলাকালে শেরপুর পৌর শহরের দিঘারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা-ভাংচুর, ব্যালটপেপার ও ব্যালটবাক্সসহ সরঞ্জামাদি ছিনতাই এবং পুলিশসহ অন্যান্যদের কর্তব্যকাজে বাধা ও অ্যাসল্টের অভিযোগে সাবেক এমপি রুবেল ও স্থানীয় পৌর কাউন্সিলর বাদশাসহ বিএনপিদলীয় ৫৭ নেতা-কর্মীর স্বনামে এবং অজ্ঞাতনামা ২শ/২শ ১০ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় এজাহারনামীয় কামরুজ্জামান ওরফে জামান নামে একজন এবং এজাহার বহির্ভূত প্রায় ১০ জন পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন।




