শেরপুরের নালিতাবাড়ীতে ১৪টি ইয়াবাসহ বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৮ আগস্ট শনিবার ভোররাতে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক তিনজন হলেন বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২), সাংগঠনিক সম্পাদক ছাদেক আলী (২৩) এবং ফারুক মিয়া (২২)। দেলোয়ার হোসেন সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে, ছাদেক আলী কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে এবং ফারুক মিয়া একই এলাকার সবুর মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন, ছাদেক আলী ও ফারুক মাদক পাচার করছেন-এমন সন্দেহে স্থানীয় লোকজন ভোররাত তিনটার দিকে তাঁদের হ্যান্ডেল মোড় থেকে আটক করেন। পরে তাঁদের একটি ঘরে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৪টি ইয়াবা পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবা জব্দ করে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে ইয়াবাসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।পরে আজ দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে আটকের পর বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. নাইম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।




