নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর লাশ পুলিশ পাহারায় দাফন করার পর আরেক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে সৈয়দপুর থানা পুলিশ। ২০ জানুয়ারী সোমবার সকালে ওই মামলার অন্যতম আসামি আতিক (২৭) এর লাশ সৈয়দপুর বাইপাস সড়কের আসমতিয়া মাদ্রাসার সন্নিকটে নাড়িয়া খাম্বা নামক স্থান থেকে উদ্ধার করা হয়। আতিক সদর উপজেলার টুপামারি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নূরের গাড়ি বহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফিরোজ আহমেদ জানান, উদ্ধারকৃত লাশের মাথায় বাম পাশে কানের নীচে আঘাতের চিহৃ আছে। ফর্সা গায়ের রংয়ের যুবকের পড়নে জিন্সের প্যান্ট, পায়ে কেট্স ও গায়ে গ্রামীণ ফোনের কাস্টমার সার্ভিস লেখা জ্যাকেট রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
উলেখ্য, ১৪ ডিসেম্বর জেলা সদরের রামগঞ্জ বাজারে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা ও ৪ আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা মামলার প্রধান আসামি ছিলেন রব্বানী। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার ভোররাতে পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাঁশঝাড় তার লাশ উদ্ধার করে পুলিশ।




