‘কৌতুহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন, পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন’ এবং ‘মাদক ছেড়ে মাঠে আসুন, সুন্দর জীবন গড়ুন’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে মাদকবিরোধী প্রচারণায় সুপার কাপ ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শনিবার বিকেলে শেরপুর সদরের চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সহযোগিতায় ধলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে চান্দেরনগর কোহাকান্দা এসহক উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ধলা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

পরে ওই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এর আগে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাটি উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম। ওইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আকরামুজ্জামান রাহাত, চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুরের সভাপতি এমএ রশীদ বিএসসি, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন ও চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, শেরপুর সদরকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে হবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার খেলাধুলার প্রতি খুবই আন্তরিক। প্রতিটি ইউনিয়নে সরকার খেলার মাঠ করে দেবে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, মনে রাখবেন সমাজকে মাদকমুক্ত করতে না পাড়লে আমরা কেউ শান্তিতে বসবাস করতে পারবো না। মানুষকে সচেতন করতে এমন খেলাধুলার আয়োজন করা খুব ভালো উদ্যোগ। এ ধরণের উদ্যোগে আমরা পাশে থাকবো।
পরে অতিথিবৃন্দ গাছের চারা রোপন করে ধলা ইউনিয়নের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন এবং মাদককে না বলুন শ্লোগানে একাত্মতা পোষণ করেন।




