‘মাদক নয়, সুস্থ সমাজ চাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোর ও তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। ৫ জুলাই রবিবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকার বেগম রৌশন আরা একাডেমি প্রাঙ্গণে ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেগম রৌশন আরা একাডেমির পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. মোবারক আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমীন লিটন ও উবায়দুল ইসলাম সোহাগ।
ওইসময় বক্তব্য দেন বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সমাজসেবক মো. রবিউল আলম ইউসুফ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন টিমের প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সাংবাদিক মো. রোকনুজ্জামান সেলিম, সাইদুল ইসলাম, আবু সাইদ, আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা মাদকের কুফল ও এর সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিজীবনে ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। সভায় অংশ নেওয়া শিক্ষার্থীরা মাদককে ‘না’ বলার এবং কখনো মাদক গ্রহণ না করার অঙ্গীকার করেন।




