শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জননিরাপত্তা জোরদারকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। একইসাথে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সদর হাসপাতালের সেবার মানোন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে চাহিদাপত্র প্রণয়ন, কিশোর গ্যাং নির্মূলে সমন্বিত উদ্যোগ গ্রহণ, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাইফ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ।

ওইসময় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।




