রাজধানী ঢাকায় দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও খুনীদের দ্রুত সময়ের মধ্যে বিচার ও শাস্তি কার্যকরের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুরে বসবাসরত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা, সাবেক পৌর কাউন্সিলর মাসুদ রানা, শ্রমিক দল নেতা শওকত হোসেন, সাংবাদিক কাজী মাসুম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, রামিসার খুনী সোহেল যেহেতু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং অপরাধ স্বীকার করেছেন, তাই সরকারের নির্বাহী ক্ষমতায় প্রকাশ্যে ঢাকায় জিরো পয়েন্টে ফাঁসি কার্যক্রম মধ্য দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হোক। বক্তারা পুলিশ হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করায় সরকার প্রধান ও পুলিশকে ধন্যবাদ জানান। একই সাথে বাংলাদেশে যেসব হত্যাকাণ্ড, ধর্ষণ ও শিশু হত্যা হয় সেসব ঘটনার অপরাধীকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ১৯ মে মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি বাসায় রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত রামিসা স্থানীয় বাসিন্দা আব্দুল হান্নান মোল্লার মেয়ে। হান্নান মোল্লা একসময় শেরপুর জেলা শহরের নয়ানী বাজারে বসবাস করতেন। পরবর্তীতে আবারও স্ত্রী-সন্তান নিয়ে আবারও ঢাকায় বসবাস শুরু করেন তিনি।




