সম্প্রতি ফিফা কংগ্রেসে অংশ নিতে ইরান ফুটবল ফেডারেশনের প্রধানকে ঢুকতে বাধা দিয়েছিল বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা। এ কারণে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে কিছু শর্ত জুড়ে দিয়েছে ইরান।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, বিশ্বকাপে অংশ নিতে ফিফাকে ১০টি শর্ত দিয়েছেন তারা।
শর্তগুলোর মধ্যে অন্যতম ইরানের প্রতি সবার সদাচরণ।
এ ছাড়া টুর্নামেন্ট চলাকালে ইরানিদের ভিসা প্রদান, দলের স্টাফ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান, বিমানবন্দর, হোটেল ও স্টেডিয়ামে যাওয়া-আসার সময় কঠোর নিরাপত্তা নিশ্চিতকরণ ইত্যাদি।

শর্তগুলো মানলে বিশ্বকাপের আয়োজক ৩ দেশের (যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো) যেকোনো ভেন্যুতে খেলতে রাজি ইরান। ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আমরা ২০২৬ বিশ্বকাপে অবশ্যই অংশ নেব। কিন্তু আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও দৃঢ় প্রত্যয় থেকে একটুও বিচ্যুত না হব না।
আমরা যেসব ব্যাপারে উদ্বিগ্ন, আয়োজকদের সেগুলোও বিবেচনায় নিতে হবে।’
ফেডারেশন সভাপতি মেহদী তাজ বলেছেন, ‘সব খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফ, বিশেষ করে যারা আইআরজিসিতে সামরিক দায়িত্ব পালন করেছে, যেমন—মেহদি তারেমি ও এহসান হাজসাফি…তাদের সবাইকে কোনো ঝামেলা ছাড়াই ভিসা প্রদান করতে হবে।’
বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। ইরান পড়েছে ‘জি’ গ্রুপে। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, মিসর ও বেলজিয়াম।




