জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস হয়েছে। ২৬ এপ্রিল রবিবার বাংলাদেশ সচিবালয়ের একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়।

জোনায়েদ সাকি বলেন, আজকে একনেক সভায় প্রধানমন্ত্রী সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১৭টি প্রকল্প উত্থাপিত হয়েছে, তার মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ প্রকল্পই পাস হয়েছে। তবে কয়েকটি প্রকল্পের শর্ত সাপেক্ষ বিভিন্ন বিষয় আছে। প্রায় প্রকল্পের ব্যাপারে কমেন্টের বিষয় আছে।
তিনি বলেন, একটা সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছিল যে যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়ে; সেইসব প্রকল্পকে আমারা রিভিউ করব। অনেকগুলো প্রকল্প এমন অবস্থায় চলে এসছে যে সেগুলোর হয়তো প্রয়োজন নেই।

জোনায়েদ সাকি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে, ব্যয়ের দিক থেকে। এছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা। যে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো আসলে কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতি চিন্তা করা হয়েছে, বর্তমান সরকারকে তার যে নির্বাচনী ইশতেহার পরিকল্পনা সবগুলোর সঙ্গে সামঞ্জস্য কিনা? এই সব দিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ের ১৪টি প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৯০ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে ১৬ কোটি টাকা। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ৫টি এবং সংশোধিত ৫টি। এছাড়া মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে ৪টি।
পরিকল্পনা কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আজকের সভায় অনুমোদিত প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নগর এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি প্রকল্প রয়েছে। অন্যান্য নতুন প্রকল্পের মধ্যে রয়েছে– ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ, ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ ইত্যাদি। সভায় পরিকল্পনা মন্ত্রী অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৩৩টি প্রকল্প অবহিত করা হয়। এগুলোর মধ্যে রয়েছে– কুষ্টিয়া জেলার হিসনা ও সাগরখালী নদী পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়ন, রাজশাহী ও নাটোর জেলার বারনই নদী পুনঃখনন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ, কক্সবাজার জেলার বাঁশখালী নদী পুনরুজ্জীবিত, দখলমুক্ত ও দূষণমুক্তকরণ, রংপুর জেলার আলাইকুড়ি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প ইত্যাদি। এর বাইরে বেশিরভাগ প্রকল্পের সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।




