ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সংখ্যাগরিষ্ঠ বিএনপির সংসদীয় দল। ১১ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় দলের সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়।

জানা যায়, বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে দিনের কর্মসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। গত ১৭ ফেব্রুয়ারি এমপিদের শপথ গ্রহণের দিন বিরোধী দলের সভায় বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং বিরোধীদলীয় চিফ হুইপ চূড়ান্ত করা হয়। একই দিন সংসদ নেতা নির্বাচিত হলেও উপনেতা এখনো নির্বাচিত হননি।
বিএনপিদলীয় একাধিক এমপি জানান, আজ বুধবারের সভায় সংসদ উপনেতা নির্বাচন হতে পারেন। স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা প্রার্থী হবেন সেটাও চূড়ান্ত করা হতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদে যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
সরকারি দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজনের নাম চাওয়া হলেও সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী। সে ক্ষেত্রে করণীয় নিয়েও সভাটিতে আলোচনা হতে পারে। জামায়াত নাম না দিলে সরকারি দল থেকেই সংসদের গুরুত্বপূর্ণ ওই পদে প্রার্থী দেওয়া হবে।




