বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত র্যালিটি গড়কান্দা এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংগঠনের পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার হাতে অংশগ্রহণ করেন।

র্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক বিতর্ক সম্পাদক ও শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম কিবরিয়া, জাকসু সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, শেরপুর জেলা ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পাদক আসিফ এবং নালিতাবাড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুকসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

র্যালি ও সমাবেশে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




