পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী শহরের আমবাগান ফেরদৌস কলোনী এলাকায় অবস্থিত ছিদ্দিকীয়া কাওমিয়া মাদ্রাসায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার ফজর নামাজ চলাকালিন সময়ে দূর্বৃত্তরা মাদ্রাসার অফিস কক্ষে আগুন দেয়। দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে মাদ্রাসার কারর্পেট, তোষক, বিছানার চাঁদর ও বালিশ।

ছিদ্দিকীয়া কাওমিয়া মাদ্রাসা ও মসজিদের মুহতামিম মাহবুবর রহমান জানান, বুধবার ফজরের নামাজ পড়ার সময় মাদ্রাসার অফিস কক্ষের পেছনের জানালা দিয়ে দূর্বৃত্তরা পেট্রোল বা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে গেছে মাদ্রাসার কার্পেট, তোষক, বিছানার চাঁদর ও কয়েকটি বালিশ। এতে মাদ্রাসার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ছিদ্দিকীয়া কাওমিয়া মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজমল বিশ্বাস জানান, ইতোপূর্বে কে বা কাহারা আরও একবার মাদ্রাসায় আগুন দিয়েছিল এবং বোমা মেরেছিল। তিনি বলেন, ধারণা করা হচ্ছে অফিস কক্ষে রক্ষিত মসজিদ ও মাদ্রাসার মূল্যবান কাগজপাতি পুড়িয়ে দেয়ার জন্যই দূর্বৃত্তরা অফিস কক্ষে আগুন দিয়েছে।

এবিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির টিএসআই হাফিজুর রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যেই দূর্বৃত্তরা মাদ্রাসার অফিস কক্ষে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। অফিস কক্ষের পেছনের জানালা দিয়ে আগুন দেয়া হয়েছে সেখানে একটি কেরোসিনের বোতল পড়েছিল। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মাদ্রাসা কর্তপক্ষকে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।




