শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এসময় বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করা হয়।

টুর্ণামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক খন্দকার মো. আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া।
উদ্বোধনী খেলায় শেরপুর জেলা ফুটবল দল ২-১ গোলে মাদারগঞ্জ উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।

নকআউট ভিত্তিক এই প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করছে। শেরপুর জেলা দলের পাশাপাশি নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ ও বগুড়া জেলা ফুটবল দল, এবং মাদারগঞ্জ, মধুপুর ও গোপালপুর উপজেলা ফুটবল দল এতে প্রতিদ্বন্দ্বিতা করছে। এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং জেলার ফুটবলে নতুন উদ্দীপনা যোগ হবে বলে আশা করছে আয়োজক কমিটি।
খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব সৈয়দ বদরুল হক রিজভী জানান, ফুটবলের প্রতি জেলার মানুষের অতীতের আবেগ ও ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেনাপ্রধান ওয়াকার উজ-জামানের পৃষ্ঠপোষকতায় এমন আয়োজনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে ফুটবলের উন্নয়ন সম্ভব হবে বলেও জানান তিনি।




