দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৩৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মাঝখানে কয়েকদিন শনাক্ত কমলেও এখন আবার বাড়ছে। বুধবার যা শনাক্ত হয়েছে, তা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে। এর আগে গত ২৮ এপ্রিল এর চেয়ে বেশি দুই হাজার ৯৫৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে আট লাখ ১৭ হাজার ৮১৯ জন হয়েছে। এছাড়া গত একদিনের মৃত্যু মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৯৪৯ জন।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও দুই হাজার ২৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত লাখ ৫৭ হাজার ৫৬৯ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছরের ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড সাত হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।









